images

সারাদেশ

হয় মাদক ব্যবসা ছাড়ুন, না হয় এলাকা ছাড়ুন: এমপি আবু তালিব

১৯ জুন ২০২৬, ০৯:৫৭ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি ও মাদক নির্মূলের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং প্রশাসনকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শুক্রবার (১৯ জুন) বিকেলে কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকার সোয়াইবনগর কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আড়পাড়া নাগরিক সমাজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর মুক্তার হোসেন, মোজাম্মেল হক, শাহিনুর রহমান, রাজু আহমেদ, জাফরুল ইসলাম মাস্টার, হাসানুজ্জামান, জয়নুল আহমেদ, হাফিজুল হক মাস্টার, মাওলানা সাবরুস সোবাহান, মোক্তার হোসেন, হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, যুবসমাজ এবং দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, আজ আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের হামলার শিকার হয়েছেন পুলিশের একজন অবসরপ্রাপ্ত এএসপি। যিনি একজন সহজ সরল এবং সমাজের সচেতন নাগরিক। মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে আয় আজকে মাদক ব্যবসায়ীদের হাতে হামলার শিকার হতে হল। 

এই এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিভিন্ন ছত্রছায়ায় থেকে একটি চক্র কালীগঞ্জে মাদকের ব্যবসা চালিয়ে গেছে। ফলে অনেকেই তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাননি। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। মাদক ব্যবসায়ীদের স্পষ্ট করে বলতে চাই, মাদক ব্যবসা ছাড়তে হবে, অন্যথায় এলাকা ছাড়তে হবে। জনগণ এখন সচেতন। মাদক ব্যবসার কোনো স্থান এ সমাজে হবে না। 

আরও পড়ুন: জিয়ানগর উপজেলায় মেরামত বরাদ্দ পেল না একটি বিদ্যালয়ও, বিএনপি ক্ষোভ

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসন ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো মাদক ব্যবসায়ী বা তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাকে ছাড় দেওয়া হবে না। এবং গতকাল অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের ওপর হামলাকারী মাদক ব্যবসায়ী বিএনপি নেতা মরহুম আয়নাল হাসানের ছেলে শিপলু এবং আড়পাড়ার মরহুম মুমিনের ছেলে মিলনকে এলাকায় থাকতে দেওয়া হবে না।
 
কালীগঞ্জ থানার (ওসি) জেল্লাল হোসেন বলেন, যত বাধা আসুক এবং পুলিশের নামে যতই বদনাম রটাক মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এজন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। 

সভায় অন্যান্য বক্তারাও বলেন, মাদক আজ সমাজ, পরিবার ও তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে বড় অভিশাপ। মাদকের কারণে সামাজিক অপরাধ, পারিবারিক অশান্তি এবং যুবসমাজের নৈতিক অবক্ষয় বেড়ে চলেছে। তাই মাদক নির্মূলে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা মাদক ব্যবসায়ীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকায় আর কোনো মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। যারা এখনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা স্বেচ্ছায় এ পথ ছেড়ে দিন। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিকভাবে তাদের প্রতিরোধ করা হবে। প্রশাসনের চলমান অভিযানে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

সভা শেষে মাদকমুক্ত কালীগঞ্জ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ জোরদার এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার মিডিয়া সম্পাদক মোহাম্মদ ইকবাল হুসাইন।

প্রতিনিধি/এআরএম