জেলা প্রতিনিধি
১৯ জুন ২০২৬, ০৯:০০ পিএম
নাটোরে পারিবারিক বিরোধের জেরে এক ওড়নায় ঝুলে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে সদর উপজেলার ঢালান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে নাটোর সদর উপজেলার ঢালান এলাকার আনোয়ার হোসেনের ছেলে অটোরিকশা চালক রাকিব হোসেনের (২২) সঙ্গে একই এলাকার আজিজুল ইসলামের মেয়ে লিজা খাতুনের (২১) বিয়ে হয়। শুক্রবার জুম্মার নামাজ শেষে স্বামী রাকিব হোসেন বাড়ি ফিরে স্ত্রী লিজা খাতুনের সঙ্গে নিজের ঘরেই অবস্থান করছিলেন। এ সময় পরিবারের অভাব অনটন নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায় বিকেলে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজনের ঘরের দরজা ও জানালার ফাঁকা দিয়ে দেখতে পান ঘরের চালের বাঁশের সাথে এক ওড়নায় দু’জনে ঝুলছে।
নাটোর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/এসএস