জেলা প্রতিনিধি
১৯ জুন ২০২৬, ০৮:৩৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহাসিক লাউর ফতেহপুর খেলার মাঠে যেন বসেছিল আনন্দ আর উন্মাদনার মেলা। সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে শুক্রবার (১৯ জুন) দুপুরের পর থেকেই খেলার মাঠের চারপাশ মুখরিত হতে শুরু করে ফুটবলপ্রেমীদের পদচারণায়। আশপাশের গ্রাম থেকে দলবেঁধে ছুটে আসেন তারা, সবারই প্রত্যাশা ছিল মাঠে বসে একটি জমজমাট ফুটবল লড়াই উপভোগ করা।
বিকেল সাড়ে চারটায় খেলার উদ্ধোধন করেন সংরক্ষিত আসনের মহিলা এমপি সানজিদা ইসলাম তুলি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুই দলের জার্সি পরিহিত খেলোয়াড়রা যখন মাঠে নামেন, তখন দর্শকদের মাঝে উত্তেজনা আরও বেড়ে যায়। খেলা শুরু হওয়ার পর থেকেই গোল আদায় করে নেওয়ার জন্য দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। খেলোয়াড়রা যখনই বল নিয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যান, দর্শকদের উচ্ছ্বাস আর উন্মাদনা যেন বাধ মানতে চায় না। দীর্ঘদিন পর গ্রামীণ পর্যায়ে এমন দর্শকপূর্ণ মাঠে খেলা দেখতে পেরে ফুটবলপ্রেমীরা ছিলেন বেশ আনন্দিত।

টুর্নামেন্টের উদ্যোক্তা, মায়ের ডাকের আন্তর্জাতিক সমন্বয়ক ও কানাডা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিমন ইসলাম ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নজুর পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আতিকুল রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল হক শামীম ও ক্যাশিয়ার আজিজুল হক আশিকের সার্বিক তত্ত্বাবধায়নে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, বিটঘর মহেষ চন্দ্র ভট্টাচার্য, কলেজের প্রতিষ্ঠাতা মুনতাসির মহিউদ্দিন অপু, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মতিন, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম, ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেনসহ আরো অনেকে।
টুর্নামেন্টের আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ধারার খেলাধুলায় ফিরিয়ে আনাই ছিল এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
দীর্ঘ ৮০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে নবীনগর পূর্বাঞ্চল ব্রাদার্স কিং ফুটবল একাদশকে ১২-০ গোলে হারিয়ে রতনপুর ফুটবল একাদশ জয় লাভ করেন।
প্রতিনিধি/এসএস