images

সারাদেশ

চাঁদপুরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু

জেলা প্রতিনিধি

১৯ জুন ২০২৬, ০৮:১৫ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক দুর্ঘটনায় নাহিদ হাসান আব্দুল্লাহ্ (১০) নামের শিশু ও মো. মহিন সরকার (২৫) নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে আহত নির্মাণ শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেলে এবং সকালে অটোরিকশা চাপায় ঘটনাস্থলে শিশুটি মারা যায়।

এর আগে দুপুরে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় কর্মরত অবস্থায় ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন নির্মাণ শ্রমিক মহিন সরকার। সে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের সরকার বাড়ির মৃত হানিফ সরকারের একমাত্র ছেলে।

এদিন সকালে টোরাগড় এলাকায় পৌরসভা কার্যালয়ের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক পার হতে গিয়ে একটি অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু নাহিদ হাসান আব্দুল্লাহ্। সে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কুল মকবুল খলিফা বাড়ির মনির হোসেনের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর নিহতদের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। পরিবারের লোকজন থানায় আছেন। তাদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস