images

সারাদেশ

রাস্তায় পড়েছিল গৃহবধূ, হাসপাতালে মৃত্যু, ফেসবুকে মিলল পরিচয়

জেলা প্রতিনিধি

১৯ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম

ভোলা সদর উপজেলার ওয়েস্টার্নপাড়া আদর্শ একাডেমি সংলগ্ন এলাকার বাসিন্দা কারিমা আক্তার (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্বজনরা।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে ভোলা শহরের মুসলিমপাড়া এলাকার একটি স্থান থেকে কারিমা আক্তারকে অচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উদ্ধারকারীরা দ্রুত তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রায় ১২ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৯ জুন) সকাল ৭টার দিকে তিনি মারা যান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন দিন আগে কারিমা তার শ্বশুরবাড়ি সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট এলাকায় যান। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে পরিবারের কাছে স্পষ্ট কোনো তথ্য ছিল না। এ অবস্থায় মুসলিমপাড়া এলাকা থেকে অচেতন এক নারীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। পরে শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে তারা কারিমাকে দেখতে পান। কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকালে কারিমার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। তবে কী কারণে তিনি ওই অবস্থায় সেখানে পড়ে ছিলেন, সে বিষয়ে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি।

স্বজনদের অভিযোগ, একজন সুস্থ-সবল নারী হঠাৎ করে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা এবং পরবর্তীতে মৃত্যুবরণ করার ঘটনা রহস্যজনক। তারা জানতে চান, কারিমা কীভাবে ওই স্থানে পৌঁছালেন এবং তার সঙ্গে আসলে কী ঘটেছিল। এছাড়া তার স্বামী বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন বলেও জানা গেছে।

পরিবারের সদস্যরা আরও জানান, শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকে কারিমার চলাফেরা ও অবস্থান নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাই মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে কিনা, তা তদন্ত করে দেখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এদিকে স্থানীয়রাও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, কারিমা আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস