জেলা প্রতিনিধি
১৯ জুন ২০২৬, ০৩:৪২ পিএম
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর এলাকার পতনডোবা গ্রামে বিষাক্ত সাপের কামড়ে মিরা (১৩) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত মিরা উপজেলার পতনডোবা গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. ফিরোজ আলম।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় মিরাকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. ফিরোজ আলম জানান, সাপের কামড়ে আক্রান্ত রোগীকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে অ্যান্টিভেনম প্রদান করেন। এরপর অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার উদ্দেশে গাড়িতে তোলার সময়ই তার মৃত্যু হয়।
এদিকে, ঘটনার পর শুক্রবার দুপুরে মিরার ঘর থেকে ওই সাপটি উদ্ধার করে স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলে।
মিরার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।
প্রতিনিধি/এসএস