জেলা প্রতিনিধি
১৯ জুন ২০২৬, ০৭:১১ এএম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সভাপতি হৃদয় আহমেদকে(২৯) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চম্পকনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হৃদয় আহমেদ উপজেলার চম্পকনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে হৃদয় আহমেদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
প্রতিনিধি/ এজে