images

সারাদেশ

ঈশ্বরদীতে পুলিশ হত্যা মামলার আসামি মাদক ও অস্ত্রসহ গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৮ জুন ২০২৬, ১০:০৭ এএম

পাবনার ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি রাজিব হোসেন সেতুকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের বাবুপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) এবিএম মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার রাজিব হোসেন সেতু উপজেলার পাকশী ইউনিয়নের বাবুপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল পাকশী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি। তিনি পাকশী পুলিশ ফাঁড়ির এএসআই সুজাউল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সেতু বিএনপির পাবনা জেলার আহবায়ক হাবিবুর রহমান হাবিব গ্রুপের হয়ে পাকশি ইউনিয়নে অবস্থিত সরকারি, বেসরকারি অফিস, ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান, ঈশ্বরদী ইপিজেডে অস্ত্রবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি ও সরকারি বাসাবাড়ি দখল ও মাদকের কারবার করে আসছিলেন। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাকশী ইউনিয়নের বাবুপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় সেতুর নিকট হতে ১টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) এবিএম মনিরুল ইসলাম জানান, গ্রেফতার সেতু ২০১৫ সালে (৪ অক্টোবরে) পাকশী পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সুজাউল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি। তিনি দীর্ঘদিন ধরে পাকশী সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মাদক ইয়াবার কারবার করে আসছিলেন। তাকে বর্তমানে ঈশ্বরদী থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি