নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২৬, ০৯:১৪ এএম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে একযোগে পাঁচ থানার ওসি রদবদলের দুই দিনের মাথায় এবার কোতোয়ালিসহ আরও তিন থানায় ওসি পদে রদবদল করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দিবাগত রাতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর এক নির্দেশনায় এ পরিবর্তন আনা হয়।
সিএমপি কমিশনারের নির্দেশনা অনুযায়ী, কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিনকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ওই থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ লাইনে সংযুক্ত থাকা পরিদর্শক মো. আবু জায়েদ মো. নাজমুন নুরকে।
একই আদেশে সদরঘাট থানার ওসি কাজী মো. হাসান সিদ্দিকীকে দায়িত্ব থেকে সরিয়ে ডিবিতে বদলি করা হয়েছে। সদরঘাট থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সিএমপির এস্টেট ও বিল্ডিং শাখার পরিদর্শক মুহাম্মদ শরীফকে।
কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিএমপি কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক ইখতিয়ার উদ্দিনকে।
একই আদেশে নগর পুলিশের আরও পাঁচ পরিদর্শককে সিএমপির বিভিন্ন শাখায় বদলি করা হয়েছে।
এর আগে গত ১৫ জুন সিএমপি কমিশনারের পৃথক আদেশে নগরের খুলশী, ডবলমুরিং, চান্দগাঁও, চকবাজার ও কর্ণফুলী থানার ওসিদের রদবদল করা হয়।
সিএমপির তথ্যে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধীনে ১৬টি থানা রয়েছে।
/এএস