জেলা প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ০৯:৪২ পিএম
বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর উন্মাদনা ছড়িয়ে পড়লেও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দেখা গেছে এক ব্যতিক্রমী চিত্র। আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থনকে বয়কটের আহ্বান জানিয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার সদর এলাকার কলেজমোড়ে ‘নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদ’ এর ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একজন মাওলানার নেতৃত্বে ২০-২৫ জন শিক্ষার্থী বাংলাদেশের লাল-সবুজের পতাকা ও আরবি লেখা সাদা পতাকা হাতে নিয়ে মিছিলে অংশ নেন।
স্থানীয় সূত্র জানায়, যখন সারাবিশ্ব ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধন ও বিভিন্ন আয়োজন নিয়ে ব্যস্ত, তখন নাসিরনগরে অনুষ্ঠিত এ মিছিলটি ছিল ভিন্নধর্মী একটি ঘটনা। প্রায় ৫০ সেকেন্ড স্থায়ী মিছিলটি সদর ইউনিয়নের কলেজমোড় থেকে শুরু হয়ে শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলকারীদের বহন করা ব্যানারে লেখা ছিল, 'এই দ্বীন আমার, জমিন আমার, লা ইলাহা ইল্লাল্লাহ।” এছাড়া আরও লেখা ছিল, “কাফেরদের খেলা, কাফেরদের পতাকা, কাফেরদের জার্সি কখনও মুসলমান যুবকদের আদর্শ হতে পারে না।” ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশে দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। বিশ্বকাপ এলেই দেশের বিভিন্ন স্থানে বিশাল পতাকা টানানো, শোভাযাত্রা, সমর্থকদের নানা আয়োজন এবং দলভিত্তিক উৎসবের খবর গণমাধ্যমে উঠে আসে। তবে সেই প্রেক্ষাপটে নাসিরনগরের এই বিক্ষোভ মিছিলকে স্থানীয়রা একটি বিরল ও ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন। যদিও মিছিলটি ‘নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদ’ এর ব্যানারে অনুষ্ঠিত হয়েছে, তবে এর মূল উদ্যোক্তা বা আয়োজকদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিনিধি/এসএস