images

সারাদেশ

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার , গ্রেফতার ২ নারী

জেলা প্রতিনিধি

১৭ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুৎ কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় প্রায় ১ লাখ ২৫ হাজার ৫০৩ টাকা ছিনিয়ে নেয় এবং তাদের কিছু সময় আটকে রাখে। এ ঘটনায় করা মামলায় দুই নারীরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ইছবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে বিদ্যুৎ কর্মীদের উদ্ধার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার ইছবপুর গ্রামের মো. সাইদুল ইসলামের স্ত্রী নুরুন্নাহার (৪২) ও মৃত মজিবর রহমানের স্ত্রী আইরিন বেগম (৪৫)।

পুলিশ ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী বকেয়া বিল আদায় ও সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল দুপুরে উপজেলার পল্লী বিদ্যুতের শ্যামগঞ্জ সাব-জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার, মিটার রিডার ও লাইনম্যানসহ একটি দল পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইছবপুর গ্রামে যায়। সেখানে সাব্বির আহম্মেদ কাজলের নামে একটি আবাসিক বিদ্যুৎ সংযোগে পাঁচ মাসের ৯২০ টাকা বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে মিটারের ওপরের সার্ভিস ড্রপে ছিদ্র করে ডিভাইসের মাধ্যমে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের আলামত পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

আরও পড়ুন

নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়া, আটক ১৫

এ ঘটনাকে কেন্দ্র করে ইছবপুর গ্রামের মো. জাকারিয়া (২২), মো. সুজন মিয়া (২৬), মতি মিয়া (৪২), নুরুন্নাহার (৪২) ও আইরিন বেগমসহ (৪৫) ১০-১২ জন ব্যক্তি ও তাদের সহযোগীরা পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা বিদ্যুৎ কর্মীদের মারধর করে, তাদের কাছে থাকা প্রায় ১ লাখ ২৫ হাজার ৫০৩ টাকা ছিনিয়ে নেয় এবং কিছু সময় আটকে রাখে।

খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

এ ঘটনায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) বিপ্লব কুমার বর্মন বাদী হয়ে পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পূর্বধলা থানায় সরকারি কাজে বাধা, সরকারি কর্মচারীর ওপর হামলা, হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় এবং বিদ্যুৎ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এতে জাকারিয়া, মো. সুজন মিয়া, মতি মিয়া, নুরুন্নাহার ও আইরিন বেগমসহ ৯ জনের নামোল্লেখসহ আরও ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলার পর অভিযান চালিয়ে নুরুন্নাহার ও আইরিন বেগম নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস