জেলা প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ০৩:৪৭ পিএম
শরীয়তপুরের গোসাইরহাটে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের কাঠের আঘাতে আমির হোসেন সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
মঙ্গলবার (১৬ জুন) রাত ১০টার দিকে গোসাইরহাট পৌরসভার মিত্রসেনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন সরদার ওই এলাকার মৃত গনি সরদারের ছেলে। ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই জুয়েল সরদার (২৭) পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পরিবারের ছোট ছেলে সোহেল সরদারের তিন হাজার টাকা চুরির অভিযোগ ওঠে তার মেজ ভাই জুয়েল সরদারের বিরুদ্ধে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে বিষয়টি বড় ভাই আমির হোসেনের নজরে আসে। তিনি পারিবারিক বিরোধ মীমাংসার চেষ্টা করেন।
একপর্যায়ে আমির হোসেন জুয়েলকে একটি চড় মেরে বাড়ি থেকে চলে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে জুয়েল কিছুক্ষণ পর একটি কাঠের টুকরা নিয়ে এসে পেছন দিক থেকে আমির হোসেনের মাথায় সজোরে আঘাত করেন। আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আমির।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে রেফার করেন। তবে সদর হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত জুয়েল সরদারকে গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস