জেলা প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ০১:৩৩ পিএম
‘স্বপ্ন ডানা মেলুক, বাল্যবিয়ে রুখক-রুখবো, সুন্দর আগামী গড়বো’ এ প্রতিপাদ্যে গাইবান্ধার সাদুল্লাপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি স্বপ্নসারথি কার্যক্রমের প্রথম কোহোর্ট সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের বুজরুক রসুলপুর ইউসুফ প্রধানের বাড়ির উঠানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে ২১ জন বিদায়ী কিশোরীদের ফুলেল শুভেচ্ছা, উপকরণ ও সনদপত্র প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি স্বপ্নসারথি কার্যক্রমের উপজেলা অফিসার ফিরোজ কবির, কমিউনিটি অর্গানাইজার রেশমা আক্তার, দলের সভানেত্রী জান্নাতি বেগম, মসজিদের ইমাম আব্দুর জোব্বার মন্ডল, শিক্ষক নুর আলম সরকার, সজাগ দলের সদস্য জহির উদ্দিন, অভিভাবক জামাত আলী, শিউলি বেগমসহ অনেকে।
সাদুল্লাপুরের ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি স্বপ্নসারথি কার্যক্রমের উপজেলা অফিসার ফিরোজ কবির বলেন, বাংলাদেশের প্রায় অর্ধেক মেয়ে শিশু ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ের পিঁড়িতে বসে। বাল্যবিয়ে শুধু একটি ঘটনা নয়-এটি একজন কিশোরীর স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক সম্ভাবনা ও মানসিক বিকাশের গথ একসঙ্গে রুদ্ধ করে দেয়। এই বাস্তবতা বদলাতে স্বপ্নসারথি কার্যক্রম শুরু হয়েছে। এতে ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের জীবন দক্ষতা, অধিকার সচেতনতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে তাদের নিজের পায়ে দাঁড়াবার সক্ষমতা তৈরি করা সম্ভব।
অফিসার ফিরোজ কবির আরও বলেন, ৩ বছর মেয়াদী সেশন শেষে স্বপ্নসারথিদের নিয়ে অ্যালামনাই, নেটওয়ার্ক গঠন, ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ব্যাখ্যা এবং কিশোরীরা নিজেদের করণীয় নির্ধারণ করতে পারবে।
প্রতিনিধি/ এজে