জেলা প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ০১:০৬ পিএম
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহচর শেখ আরাফাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) রাতে ঢাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙা থানার ওসি মো. মিজানুর রহমান। আরাফাত ফরিদপুরের ভাঙা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আরাফাত উপজেলার কাওলিবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, আরাফাতের বিরুদ্ধে থানা ভাঙচুর ও বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর প্রধান সহযোগী। ৫ আগস্টের পর তিনি পালিয়ে যান। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সক্রিয় ছিলেন তিনি। কয়েকদিন আগে আরাফাতের নেতৃত্বে ভাঙা এক্সপ্রেসওয়েতে যুবলীগ ঝটিকা মিছিল বের করে। তার প্রতিবাদে উপজেলা বিএনপি গত শুক্রবার বিক্ষোভ করে।
ভাঙা থানার ওসি মিজানুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা শেখ আরাফাতের গ্রেফতারের বিষয়ে আমরা অফিসিয়াল কোনো তথ্য এখনও পাইনি। তার বিরুদ্ধে ভাঙা থানা ভাঙচুর, বিস্ফোরকসহ ২টি মামলা রয়েছে।
এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, তার গ্রেফতারের খবর মিডিয়ার মাধ্যমে শুনেছি। তবে আমরা এখনও অফিসিয়ালি বা কাগজ-কলমে পাইনি।
প্রতিনিধি/ এজে