জেলা প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ০৮:৩৮ পিএম
দিনাজপুরে ১০ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য বিকল্প কর্মসংস্থানের মালামাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে দিনাজপুর শহরের ঘাসিপাড়াস্থ জেলা সমাজসেবা কার্যালয়ে মালামাল ও অর্থ বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজ উদ্দীন। এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন, সহকারী পরিচালক মো. মুনির হোসেন ও শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম উপস্থিত ছিলেন।
জানা গেছে, ১০ জন ভিক্ষুকের মধ্যে ২ জনকে ভ্যানে করে মুরগি ব্যবসা করার জন্য ব্যবসার উপকরণ ও নগদ অর্থ, ৩ জনকে বাড়ি বাড়ি গিয়ে কাপড় বিক্রির জন্য কাপড় ও নগদ অর্থ, ১ জনকে মুদি ব্যবসার জন্য দোকানের মালামাল ও নগদ অর্থ, ১ জনকে ভাংড়ি ব্যবসার জন্য একটি ভ্যান ও নগদ অর্থ এবং ৩ জনকে গরু-ছাগল পালনের জন্য নগদ অর্থ প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি রিয়াজ উদ্দিন বলেন, এই মালামাল ও নগদ অর্থ দ্বারা আপনারা ব্যবসার উন্নয়ন ঘটাবেন। পুঁজি বাড়িয়ে আরও অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠা করার লক্ষ্যে সরকার এই অর্থ প্রদান করছেন। ব্যবসার অগ্রগতি সম্পর্কে আমরা নিয়মিত দেখভাল করব।
শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম বলেন, আমরা ভিক্ষুকদের যাচাই-বাছাই করে এই ১০জনকে নির্বাচিত করেছি। আমাদের বিশ্বাস তারা এই ব্যবসা ঠিকমতো পরিচালনা করতে পারলে তাদের আর কোনোদিন ভিক্ষা করতে হবে না। তারা নিজের পায়ে দাঁড়িয়ে যাবে।
প্রতিনিধি/এসএস