নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২৬, ০৭:৫৯ পিএম
চট্টগ্রামের সন্ত্রাস প্রবণ এলাকা রাউজান থেকে এবার ফটিকছড়ি উপজেলার এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবকে নাম রাশেদ (৪০) বলে জানা গেছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের উরকিরচর জনকল্যাণ ছাত্র সংঘের পশ্চিম পাশের একটি বাড়ির উঠান থেকে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ বলছে, ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত রাশেদ ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা লাল মিয়া সাহেব বাড়ির প্রয়াত বদরুদ্দোজার ছেলে। রাশেদ দুই সন্তানের জনক।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে এ তথ্য জানান রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
তিনি বলেন, ফটিকছড়ির একজন লোক সোমবার উরকিরচরস্থ খালাতো বোনের শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। ওই বাড়িতে তার খালাতো বোন ও তার জা ছিল।
মানসিক ভারসাম্যহীন হওয়ায় তারা দরজা খুলে দেয়নি। রাত তিনটার দিকে মৃত্যুর খবর পেয়ে পুলিশ তার মহদেহ উদ্ধার করে। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে, রক্তও বের হয়েছিল। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
নিহতের চাচা আবদুল মাবুদের ভাষ্য, রাশেদ রাউজানে তার খালাতো বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। গত ৫ বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পর সে মাঝেমধ্যে অস্বাভাবিক আচরণ করত। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার খালাতো বোন দরজা খুলে দেয়নি, সেখানে যাওয়ার খবর তার পরিবারকে জানিয়েছিল। পরে মঙ্গলবার সকালে তার লাশ পাওয়া গেছে বলে খবর দেওয়া হয়। রাতে সে বাইরে ছিল। তাই আমরা ধারণা করছি ডাকাত সন্দেহে স্থানীয়রা তাকে পিটিয়ে হত্যা করেছে।
মোরশেদ আলম নামে ফটিকছড়ি উপজেলার স্থানীয় এক বাসিন্দা বলেন, স্ত্রী মারা যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। মাঝেমধ্যে উল্টাপাল্টা কথা বলতেন। সে কখনো রং মিস্ত্রির হেলপার আবার কখনো রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করতো। তাকে রাউজানে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন আছে।
এর আগে গত শনিবার দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী (৪৫) মাসুদকে গুলি করে হত্যা করা হয়। তিনি রাঙ্গুনিয়ার সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা হুম্মাম কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। তার বাড়ি রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নে। এ ঘটনায় নিহতের বড় ভাই পেয়ারুল হক চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় একটি মামলা দায়ের করেছেন।
প্রতিনিধি/এসএস