images

সারাদেশ

মিরসরাই ও সীতাকুণ্ড থেকে দুই অজ্ঞাত মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি

১৬ জুন ২০২৬, ০৪:২৫ পিএম

চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড এলাকা থেকে দুটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। মিরসরাইয়ে পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত বৃদ্ধ (৮০) ও সীতাকুণ্ডে সাগরের তীরে থেকে অজ্ঞাত মরদেহ (৪৫) উদ্ধার করেছে মিরসরাই থানা এবং কুমিরা নৌ পুলিশ।

সোমবার (১৫ জুন) রাত ৯টার দিকে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকা ও সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি বাংলাবাজার এলাকায় সন্ধ্যা ৭টায় এসব ঘটনা ঘটেছে।

‎নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে সোনাইছডি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় সমুদ্র উপকূলে স্থানীয়রা অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে নৌ পুলিশকে খবর দেয়। পরে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার পরনে ছিল কালো রঙের একটি টি-শার্ট ও মেরুন রঙের একটি ট্রাউজার। উদ্ধার হওয়া মরদেহ বেশ কয়েকদিন আগের হওয়াতে শরীরে পচন ধরেছে এবং ফুলে যায়।

‎কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির এস আই আব্দুল ওয়াহেদ বলেন, স্থানীয়দের তথ্য মতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি আনুমানিক ৭/৮ দিন আগের। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে পাহাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে রাতে পুলিশের টিম গিয়ে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। তার শরীরে কোনো কাপড় ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন। সুরতহাল রিপোর্টে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস