জেলা প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ০৪:২০ পিএম
পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে ছেলের সামনে হোসেন আলী নামের এক চরমপন্থি নেতা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৬ আসামির মধ্যে ৫ আসামির প্রত্যেককে ২ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এর বিচারক মতিউর রহমান রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।
তারা হলেন পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামের মৃত আমিন প্রামাণিকের ছেলে শরীফ প্রামাণিক (৩৫), সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদের আব্দুস সামাদের ছেলে সাইদুল ইসলাম, একই গ্রামের সোহরাব মোল্লার ছেলে মনিরুল ইসলাম (২৮), মৃত আব্বাস আলী খানের ছেলে খলিলুর রহমান এবং একই এলাকার আজাদ সরকার।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী প্রতিষ্ঠান পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, মামলার অধিকতর তদন্তের স্বার্থে প্রত্যেকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। আজকে শুনানি শেষে প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। বাকি একজন আসামি মতিউর রহমান আগেই ১৪৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গত ৮ জুন সন্ধ্যায় পাবনা শহরের টার্মিনাল এলাকার জামেয়া আশরাফিয়া মাদরাসায় ছেলে রোহানকে (১২) রাখতে গিয়েছিলেন বাবা হোসেন আলী (৫৫)। মাদরাসার গেটে পৌঁছামাত্র ছেলের সামনেই হোসেন আলীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন ৯ জুন নিহত হোসেন আলীর স্ত্রী আফসানা খাতুন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করে পাবনা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় জড়িত সন্দেহে ৫ জন এবং এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিনিধি/এসএস