images

সারাদেশ

মাদক ও কিশোর গ্যাংয়ের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা ফেনীর নবাগত এসপির

জেলা প্রতিনিধি

১৬ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম

ফেনীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে প্রত্যুষ কুমার মজুমদার যোগদান করেছেন। সোমবার সদ্য বিদায়ি এসপি শফিকুল ইসলামের থেকে দায়িত্বভার গ্রহণ শেষে তিনি মঙ্গলবার (১৬ জুন) সকালে ফেনীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভা করেছেন। এতে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীর সামগ্রিক বিষয়ে ধারণা দেন সাংবাদিকরা।

এসময় পুলিশ সুপার বলেন, আমি ফেনীর মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করব। যাতে করে ফেনীর মানুষ আমাকে নিয়ে খুশি থাকতে পারে। এ জেলায় অপরাধ করে কেউ ছাড় পাবে না এবং আর কোনো নিরীহ লোককে ফাঁসানো হবে না। এই গ্যারান্টি আমি ফেনীর মানুষকে দিচ্ছি। থানায় থানায় পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পুলিশ অথবা বাইরের কেউ টাকা নিলেই ব্যবস্থা নেওয়া হবে।

76ea7af4-2864-481e-929d-05902b9e012e

তিনি বলেন, মাদকের চাহিদা থাকায় এটি বন্ধ করা যাবে না। তবে এটি নিয়ন্ত্রণে সর্বোচ্চ কাজ করবে পুলিশ। কিশোর গ্যাং নিয়ন্ত্রণের জন্য পরিবার ও সমাজ থেকে সহযোগিতা নিয়ে পুলিশ কাজ করবে। এর নিয়ন্ত্রণে আইনের পাশাপাশি সচেতনতা নিয়েও কাজ করতে হবে।

এসময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, সাইফুল ইসলাম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনসহ ফেনীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস