জেলা প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ০৩:৪২ পিএম
চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে তোফায়েলেন্নেছা মায়া (৬৪) নামে বৃদ্ধা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বনবিভাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মায়া বনবিভাগ রোডের পাটওয়ারী বাড়ির মৃত বেলাল পাটওয়ারীর স্ত্রী। তিনি ৪ সন্তানের জননী।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে তিনি ওই বৃদ্ধার বাড়িতে যান এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই নারী সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ওই বৃদ্ধা ছিটকে পড়ে মাথাসহ শরীরে গুরুতর আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন। পরে লোকজন তাকে বাড়িতে নিয়ে যায়।
বৃদ্ধার মেয়ে শাহীনা আক্তার বলেন, প্রতিদিন সকালে তার মা ওই সড়ক দিয়ে হাঁটেন। আজকেও হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।
চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত বলেন, যে পরিবহন ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়েছে তা এখনো চিহ্নিত হয়নি। ঘটনার পর ওই পরিবহন দ্রুত পালিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) বরাবর আবেদন করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এসএস