জেলা প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম
নাটোরের লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে দুই বিদেশি নাগরিককে হেনস্তার ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. আকাশকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সকালে লালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আকাশ রাজশাহী জেলার বোয়ালিয়া থানার সিরোইল কলোনি এলাকার মো. সেলিমের ছেলে।
পুলিশ জানায়, গত ৮ মে লালপুরের গ্রিন ভ্যালি পার্কে ‘টিকটক বন্ধু মেলা-২০২৬’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার টিকটকাররা অংশ নেন। ওই দিন বিকেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিক পার্কে ঘুরতে আসেন। এ সময় কয়েকজন টিকটকার তাদের পথরোধ করে অশালীন ইংরেজি ভাষায় মন্তব্য করেন। এতে বিদেশি দুই নাগরিক বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় ৯ মে পার্কের ব্যবস্থাপক এস এম ওয়াজেদুর রহমান বাদী হয়ে লালপুর থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, মামলার প্রধান আসামি আকাশকে মঙ্গলবার সকালে লালপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন কথিত কনটেন্ট নির্মাতা দুই বিদেশি নাগরিককে ঘিরে অশোভন আচরণ করছেন। তাঁদের একজনকে বিদেশি নাগরিকদের উদ্দেশে অশালীন ও আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। এতে বিদেশি নাগরিকরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
প্রতিনিধি/এআর