জেলা প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ১০:৩১ এএম
নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্র আরাফাত হোসেন ফাহিম হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে প্রধান আসামি হারুনসহ তিনজন গ্রেফতার হয়েছেন।
সোমবার (১৫ জুন) রাতে ১০টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ২ আসামিরা হলেন— মামলার ৪ নম্বর আসামি মো. মমিন উল্লাহ (৫০) ও ৫ নম্বর আসামি মো. জাহাঙ্গীর (২৪)।
পুলিশ জানায়, এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হারুন অর রশিদকে (৪২) এর আগে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য, গোপন সংবাদ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার ৪ নম্বর আসামি মো. মমিন উল্লাহ ও ৫ নম্বর আসামি মো. জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১০ জুন রাত প্রায় ৮টা ৪০ মিনিটে মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় স্কুলছাত্র মো. আরাফাত হোসেন ফাহিমকে (১৭) ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রতিনিধি/টিবি