images

সারাদেশ

ফরিদপুরে কুকুরের মুখে মিলল নবজাতকের মৃতদেহ

জেলা প্রতিনিধি

১৬ জুন ২০২৬, ০৪:০৬ এএম

ফরিদপুরের সদর উপজেলার কানাইপুরে ময়লার স্তূপে কুকুরের মুখ থেকে একটি অজ্ঞাতনামা অপরিপক্ক ভ্রূণ বা নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ গেটের ডান পাশে ময়লার স্তূপ থেকে এই ভ্রুণ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি কুকুর খাবারের সন্ধানে ময়লার স্তূপে ঘোরাফেরা করার সময় একটি অপরিপক্ক ভ্রূণ মুখে করে বাইরে নিয়ে আসে। এ দৃশ্য দেখে পথচারীরা ঘটনাস্থলে জড়ো হন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রূণটি উদ্ধার করে। পরে প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়।

পুলিশ জানিয়েছে, ভ্রূণটি কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে, সেই বিষয়ে তদন্ত চলছে। ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ গর্ভপাত করে রাতের আঁধারে ভ্রুণটি ফেলে গিয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মৃত দেহটি পোস্টমর্টেম শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রতিনিধি/এফএ