উপজেলা প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ০৮:২৪ পিএম
ফুটবল বিশ্বকাপকে ঘিরে যখন সারা দেশে উৎসবের আবহ বিরাজ করছে, তখন পটুয়াখালীর কলাপাড়ায় ফুটবলপ্রেমীদের ব্যতিক্রমী এক আয়োজন নজর কেড়েছে সবার। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে শহরের প্রবেশমুখে নির্মাণ করা হয়েছে বিশাল আকৃতির একটি ‘ব্রাজিল গেট’, যা ইতোমধ্যেই স্থানীয়দের পাশাপাশি আগত দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন কলাপাড়া শহরের প্রবেশদ্বারে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে নির্মিত এ গেটটির দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট এবং প্রস্থ ২৫ ফুট। সবুজ ও হলুদ রঙের কাপড়ে সজ্জিত গেটটির শীর্ষে শোভা পাচ্ছে ব্রাজিল ও বাংলাদেশের জাতীয় পতাকা। দূর থেকেই এর দৃষ্টিনন্দন সৌন্দর্য পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে।
স্থানীয়দের মতে, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে কলাপাড়ায় প্রতি আসরেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তবে এবারের আয়োজনকে অন্য মাত্রা দিয়েছে এই ব্রাজিল গেট। দিনভর নানা বয়সী মানুষ এখানে এসে ছবি তুলছেন, আড্ডা দিচ্ছেন এবং বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করছেন।

স্থানীয় বাসিন্দা রাসেল হাওলাদার বলেন, বিশ্বকাপ এলেই কলাপাড়ায় ফুটবল উৎসব শুরু হয়। তবে এবার ব্রাজিল সমর্থকদের তৈরি এই গেটটি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। এটি শুধু দলের প্রতি সমর্থনের প্রতীক নয়, শহরের সৌন্দর্যও বাড়িয়েছে।
ব্রাজিল সমর্থক ও আয়োজনের অন্যতম উদ্যোক্তা ফরিদ উদ্দিন বিপু বলেন, ফুটবল মানুষকে একত্রিত করে, সম্প্রীতি ও আনন্দের বার্তা দেয়। নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের সচেতনতা তৈরি করতেই আমরা এই গেট নির্মাণ করেছি। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।
বিশ্বকাপের উত্তেজনা যতই বাড়ছে, ততই দর্শনার্থীদের ভিড় বাড়ছে এই ব্রাজিল গেটে। স্থানীয়দের আশা, ফুটবলপ্রেমীদের এই সৃজনশীল উদ্যোগ বিশ্বকাপজুড়ে কলাপাড়ার উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে।
প্রতিনিধি/এসএস