জেলা প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ০৮:০৫ পিএম
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে এক ভারতীয় বৃদ্ধকে বাংলাদেশে জোরপূর্বক পুশব্যাক চেষ্টা করে ব্যর্থ হয়েছে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের তীব্র প্রতিরোধের মুখে ওই বৃদ্ধকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
তীব্র উত্তেজনার পর রোববার (১৪ জুন) রাতে সীমান্ত এলাকার লাইট বন্ধ করে ওই বৃদ্ধকে নিজেদের হেফাজতে ফেরত নেয় বিএসএফ।
এর আগে রোববার সকালে উপজেলার হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর সাব-পিলার এলাকায় পুশইনের চেষ্টার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই বৃদ্ধকে সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রাখায় দিনভর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে আসছিল।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, রোববার সকালে সীমান্তসংলগ্ন ফসলি মাঠে কয়েকজন স্থানীয় কৃষক কাজ করছিলেন। এসময় আনুমানিক ৭০ থেকে ৭৫ বছর বয়সি এক বৃদ্ধকে ঘোরাঘুরি করতে দেখে কৃষকদের সন্দেহ হয়। ওই বৃদ্ধ কৃষকদের কাছে এসে ক্ষুধার্ত অবস্থায় খাবার ও পানি চান।
কথাবার্তার একপর্যায়ে তিনি নিজেকে ভারতের নাগরিক বলে পরিচয় দেন এবং জানান— ভোরের দিকে বিএসএফ সদস্যরা তাকে জোরপূর্বক তাড়িয়ে বাংলাদেশ ভূখন্ডে পাঠিয়ে দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে কৃষকেরা তাৎক্ষণিকভাবে হাটখোলা বিজিবি ক্যাম্পে খবর দেন।
খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় ওই বৃদ্ধকে আবার ভারতীয় ভূখন্ডে ফেরত পাঠান। কিন্তু বিএসএফ সদস্যরা তাকে ভেতরে না নিয়ে সীমান্তের শূন্যরেখার একটি ডোবার মধ্যে বসিয়ে রাখে।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শূন্যরেখার ডোবাটিতে ওই বৃদ্ধ দীর্ঘক্ষণ বসে ছিলেন। ডোবার এপারে সতর্ক অবস্থানে ছিলেন বিজিবি সদস্য ও উৎসুক স্থানীয় গ্রামবাসীরা, আর ওপারে অবস্থান নিয়েছিল বিএসএফ।
এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দিনভর উত্তেজনা বিরাজ করলেও বিজিবির কড়া নজরদারি ও প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পিছু হটে বিএসএফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
হাটখোলা গ্রামের বাসিন্দা কামাল হোসেন বলেন, লোকটিকে খুবই ক্লান্ত ও তৃষ্ণার্ত মনে হচ্ছিল। তিনি আমাদের কাছে পানি চান। মানবিক কারণে আমরা তাকে পানি দিই। পরে বিজিবি এসে তাকে ভারতের দিকে ফেরত পাঠায়। কিন্তু বিএসএফ আবার তাকে শূন্যরেখায় বসিয়ে রাখে। এমন পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন।
তিনি আরও বলেন, ভারতের মথুরাপুর বিএসএফ ক্যাম্পের আশপাশে বেশ কিছু লোককে জড়ো করে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয়দের আশঙ্কা, তাদেরও বাংলাদেশে পুশইন করার চেষ্টা করা হতে পারে।
সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবির নায়েব সুবেদার মাহবুবুর রহমান বলেন, বিএসএফ এক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছিল। আমরা তাকে পুশব্যাক করেছি। তিনি ভারতের নাগরিক। সীমান্তে বর্তমানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এবং আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।
প্রতিনিধি/এএইচ