images

সারাদেশ

আশুলিয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

জেলা প্রতিনিধি

১৫ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় নিজ মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট দুদু মার্কেট সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে অভিযুক্ত সুলতানকে (৪২) আটক করা হয়।

তিনি বরিশাল জেলার মুলাদি উপজেলার বাটামারা গ্রামের নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতান তার মেয়েকে একটি পোশাক কারখানায় চাকরি করাতেন। একই সঙ্গে তিনি তার প্রতিবন্ধী স্ত্রীকে ভিক্ষাবৃত্তি করাতেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগে জানা যায়, গত প্রায় পাঁচ মাস ধরে তিনি নিজের মেয়েকে ধর্ষণ করে আসছিলেন। সম্প্রতি বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

পরে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সুলতান নামে এক ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ এবং প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস