images

সারাদেশ

ফরিদপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ সভাপতি বাবু গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৫ জুন ২০২৬, ০৭:৩৫ পিএম

বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খায়রুজ্জামান বাবুকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালে দায়ের করা একটি মারামারি ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ২০২৫ সালের একটি মারামারি ও বিস্ফোরক মামলায় খায়রুজ্জামান বাবুকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও ৬/৭টি মামলা রয়েছে। তিনি এতদিন পলাতক ছিলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে সোনাপুর ইউনিয়নের নটভোলা এলাকা থেকে গ্রেফতার করেছি। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে সোপর্দ করা হবে।

প্রতিনিধি/এসএস