জেলা প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ০৬:০২ পিএম
ফেনীতে গণঅভ্যুত্থানকালে এক জুলাই যোদ্ধার মামলায় দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নোয়াখালীর এম এ হাসেম কলেজের সহযোগী অধ্যাপক ছায়েদুল হককে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
সোমবার (১৫ জুন) ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ছালামাত উল্লাহর আদালতে তিনি উপস্থিত হয়ে জামিন আবেদন করলে, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে সশস্ত্র হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এতে অন্তত ৮ জনের মৃত্যু এবং অন্তত ৩ শতাধিক ছাত্র জনতা আহত হয়। এ ঘটনায় আহত হন সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের নুরুল আমীনের ছেলে আসিফুল ইসলাম আহাদ। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি ৯৬ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৯৩ নং ক্রমিকে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সও-সভাপতি ছায়েদুল হককে আসামি করা হয়। পরে ছায়েদুল হক ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন।
ফেনীর কোর্টের পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আসামি ছায়েদুল হক উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ছালামাত উল্লাহর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন মঞ্জুর না করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
প্রতিনিধি/এসএস