images

সারাদেশ

মেসি ভক্ত মেহেদীর বাড়িজুড়ে এখন আর্জেন্টিনার পতাকা

জেলা প্রতিনিধি

১৫ জুন ২০২৬, ০৪:০৬ পিএম

ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্ট এলেই বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের উন্মাদনা চোখে পড়ে। তবে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশে এবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়পুরহাটের যুবক মেহেদী হাসান। নিজের পুরো বাড়ি ও সীমানা প্রাচীর রাঙিয়েছেন প্রিয় দল আর্জেন্টিনার পতাকার রঙে। শুধু তাই নয়, দেওয়ালে শোভা পাচ্ছে প্রিয় তারকা লিওনেল মেসির ছবি।

​মেহেদী হাসান জয়পুরহাট সদর উপজেলার আউশগাড়া ইনরাপাড়ার বাসিন্দা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি প্রচণ্ড ঝোঁক মেহেদীর। ২০০৬ সালের বিশ্বকাপ থেকে তিনি বাড়িতে আর্জেন্টিনার পতাকা ওড়ানো শুরু করেন। তবে এবার প্রিয় দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেছেন তিনি। ইট-সিমেন্টের তৈরি নিজের পুরো বাড়িটিকেই রূপ দিয়েছেন আর্জেন্টিনার পতাকায়।

90fd899c-3ecc-4833-a528-11a9fdc90b34

​সরেজমিনে আউশগাড়া গ্রামে গিয়ে দেখা যায়, দূর থেকেই নজর কাড়ছে মেহেদীর এই 'আর্জেন্টিনা বাড়ি'। তবে দেশের প্রতি ভালোবাসা ঠিক রেখে বাড়ির প্রবেশপথের বাম পাশে এঁকেছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। আর বাকি চারপাশের দেওয়ালে আকাশী-সাদা রঙের আবহে ফুটে উঠেছে আর্জেন্টিনার পতাকা। একপাশের দেওয়ালে শোভা পাচ্ছে ফুটবল জাদুকর লিওনেল মেসির বিশালাকার ছবি এবং আর্জেন্টিনার প্রতীক 'মে মাসের সূর্য'।

34714522-3d62-4612-9183-f5624876bcbb

​মেসি ভক্ত মেহেদী হাসান বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের প্রতি আমার প্রবল ভালোবাসা রয়েছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ভালোবাসা থেকেই প্রিয় দলের পতাকার রঙে বাড়িটি সাজিয়েছি। প্রিয় দলের ম্যাচ উপলক্ষে আমরা কেক কাটা, র‍্যালি এবং খেলা দেখার সময় খাবারের বিশেষ আয়োজন করেছি। গ্রামের অনেক সমর্থককে নিজের খরচে জার্সি উপহার দিয়েছি, আরও দেব। মেহেদীর এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি স্থানীয় ফুটবলপ্রেমীরাও।

একই গ্রামের বাসিন্দা ফয়সাল রহমান জয় বলেন, মেহেদী মামা আর্জেন্টিনাকে মনে-প্রাণে ভালোবাসেন। তিনি নিজের বাড়িটি তো সাজিয়েছেনই, পাশাপাশি আমাদের অনেককে জার্সিও দিয়েছেন। আমরা সবাই মিলে এক সাথে খেলা দেখব এবং উৎসব করব। আমাদের বিশ্বাস, প্রিয় দল এবারও আমাদের ট্রফি উপহার দেবে।

আনিছুর রহমান বলেন,​ মেহেদী হাসানের এই 'আর্জেন্টিনা বাড়ি' দেখতে এখন প্রতিদিন আশপাশের গ্রামের ফুটবলপ্রেমী ও উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন। খেলার প্রতি এমন নিখাদ ভালোবাসা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

প্রতিনিধি/এসএস