জেলা প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ১০:২২ পিএম
দেশের ১০টি হাসপাতালের সঙ্গে হাওরের জেলা সুনামগঞ্জে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে হাম ডেডিকেটেড আইসিইউ ইউনিটের উদ্বোধন হয়েছে।
জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় রোববার (১৪ জুন) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাসপাতালটিতে ১০ শয্যার ইউনিট উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. শাখাত হোসেন।

আইসিইউ ইউনিটে প্রয়োজনীয় পেডিয়াট্রিক ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ করার পাশাপাশি নিয়োগ দেওয়া হয়েছে প্রয়োজনীয় জনবল। এর মাধ্যমে জেলা পর্যায়ে শিশু ও প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য উন্নতমানের, জরুরি ও নিবিড় চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আইসিইউ সেবা চালুর মাধ্যমে হাওরাঞ্চলের চিকিৎসা সেবার এক মাইলফলক সৃষ্টি হবে বলে মনে করেন সেবা গ্রহীতারা।
২০২৩ সালে সুনামগঞ্জে ১০ শয্যার এ আইসিউ ইউনিটটির কাজ শেষে বর্ণাঢ্য উদ্বোধন হলেও গেলো ৩ বছরেও কার্যক্রম শুরু হয়নি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মাহবু্ুল আলম, সিভিল সার্জন ডা. জসীম উদ্দিন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহমুদুর রহমান।
প্রতিনিধি/এসএস