images

সারাদেশ

মাদারীপুরে মানবপাচার মামলায় শাশুড়ি গ্রেফতার, জামাইকে খুঁজছে পুলিশ

জেলা প্রতিনিধি

১৪ জুন ২০২৬, ১০:১৬ পিএম

মাদারীপুরে মানবপাচার মামলায় শাশুড়ি কুলসুম বেগমকে (৪২) গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে শিবচর উপজেলার কেরানীবাট থেকে তাকে গ্রেফতার করা হয়। এখনো পলাতক মূলহোতা জামাই কুদ্দুস রহমান (৩৫)।

গ্রেফতার কুলসুম শিবচরের কেরানীবাট গ্রামের সামাদ খানের মেয়ে ও মাফিয়া কুদ্দুসের শাশুড়ি।

রোববার (১৪ জুন) দুপুরে কুলসুমকে আদালতে পাঠায় পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার চর খোয়াজপুর গ্রামের মৃত বজলু হাওলাদারের ছেলে সাইফুল্লাহকে (২২) সরাসরি ইতালি নেওয়ার চুক্তি হয় শিবচর উপজেলার বাঁশকান্দি গ্রামের আতাউর রহমানের ছেলে কুদ্দুসের সঙ্গে। চুক্তি মোতাবেক ২০ লাখ টাকা দিলে ২০২৫ সালের ২৯ অক্টোবর সানাউল্লাহকে সৌদিআরব হয়ে লিবিয়া নিয়ে আটকে নির্যাতন চালায় দালালচক্র। পরে নির্যাতনের ভিডিও বার্তা পাঠিয়ে সানাউল্লাহ’র পরিবারের কাছ থেকে আদায় করা হয় মুক্তিপণের আরো ২০ লাখ টাকা। ধারদেনা করে মাফিয়াদের হাতে মোট ৪০ লাখ টাকা তুলে দিলেও গত ৬ মাস ধরে কোনো হদিস মিলছে না ওই যুবকের। পরিবার আশঙ্কা করছে সানাউল্লাহকে নির্যাতন করে মেরে ফেলেছে দালালচক্র। এই ঘটনায় গত পহেলা জুন সানাউল্লাহ’র দুলাভাই, দুধখালী গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে রনি খান (৩৭) বাদী হয়ে মাদারীপুর মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল আদালতে চক্রের মূলহোতা কুদ্দুসসহ ১১ জনের নামে মামলা করেন। পরে আদালতের নির্দেশে সদর মডেল থানায় মামলা এজাহারভুক্ত করা হয়। অভিযান চালিয়ে কুদ্দুসের শাশুড়িকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। আদালতে তোলা হলে বিচারক কুলসুমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মানবপাচার মামলায় শাশুড়িকে গ্রেফতার করে পুলিশ। জামাইসহ বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

প্রতিনিধি/এসএস