images

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বালতির পানিতে ডুবে ৯ মাসের শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

১৪ জুন ২০২৬, ০৮:২৮ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পানিভর্তি বালতিতে ডুবে হুবা (৯ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার ৪ নম্বর বড়পলাশবাড়ী ইউনিয়নের মুন্সিরহাট এলাকার দালাল বস্তি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুবা ওই এলাকার হাসিরুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, ঘরের ভেতরে শিশুটিকে গোসল করানো হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত সে পাশেই রাখা পানিভর্তি একটি বালতিতে পড়ে যায়। বয়স কম হওয়ায় নিজে থেকে উঠে আসতে না পেরে পানির নিচে আটকে থাকে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

d3127c08-148b-41c1-bbea-8562f106c8d1

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। এলাকাজুড়েও সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। তবে এর আগেই শিশুটির মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে গিয়ে শিশুর স্বজনদের কাউকে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় সচেতন নাগরিকরা বলেছেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের দেখভালে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে। বিশেষ করে পানিভর্তি বালতি বা অন্যান্য পাত্র শিশুদের নাগালের বাইরে রাখার বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

প্রতিনিধি/এসএস