জেলা প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ০৭:৪১ পিএম
ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই বরিশালে ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিয়েছেন বিএম কলেজ শিক্ষার্থী তাওহীদ ইসলাম। দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ত্যাগ করে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি।
রোববার (১৪ জুন) দুপুরে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের জিরো পয়েন্ট এলাকায় এ অভিনব আয়োজন আয়োজন করা হয়। পরে সেখানে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকেরা তাওহীদকে নিজেদের সমর্থক হিসেবে বরণ করে নেন।
তাওহীদ ইসলাম কলেজটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

তিনি জানান, সম্প্রতি বিভিন্ন স্থানে ব্রাজিলের জার্সি পরে কিছু ব্যক্তির অপরাধমূলক কর্মকাণ্ডের খবর দেখে তিনি হতাশ হয়েছেন। এসব ঘটনা নিয়ে বন্ধুদের কাছ থেকেও নানা মন্তব্য শুনতে হয়েছে তাকে। ফুটবলে হার-জয় থাকবেই, সেটি স্বাভাবিক। তবে কিছু ঘটনার কারণে ব্রাজিলের সমর্থক পরিচয় নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। এ কারণে তিনি ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত আর্জেন্টিনা সমর্থক আকিবুল ইসলাম বলেন, প্রতীকীভাবে দুধ ও সেভেন আপ দিয়ে গোসল এবং শপথ গ্রহণের মাধ্যমে তাওহীদ আর্জেন্টিনার সমর্থক হিসেবে যোগ দিয়েছেন। পরে তাকে স্বাগত জানানো হয়।
প্রতিনিধি/এসএস