images

সারাদেশ

ভারতীয় বৃদ্ধকে পুশইনের চেষ্টা বিএসএফের, সীমান্তে উত্তেজনা

জেলা প্রতিনিধি

১৪ জুন ২০২৬, ০৭:১৭ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে এক ভারতীয় বৃদ্ধকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। 

রোববার (১৪ জুন) সকালে হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে। 

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ওই বৃদ্ধকে সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রেখেছে বিএসএফ, যার ফলে সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, আজ সকালে সীমান্তসংলগ্ন ফসলি মাঠে কয়েকজন স্থানীয় কৃষক কাজ করছিলেন। এসময় আনুমানিক ৭০ থেকে ৭৫ বছর বয়সি এক বৃদ্ধ তাদের কাছে এসে ক্ষুধার্ত অবস্থায় খাবার ও পানি চান। 

কথাবার্তার একপর্যায়ে ওই বৃদ্ধ নিজেকে ভারতের নাগরিক বলে পরিচয় দেন এবং জানান, ভোরের দিকে বিএসএফ সদস্যরা তাকে জোরপূর্বক তাড়িয়ে বাংলাদেশ ভূখণ্ডে পাঠিয়ে দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে কৃষকরা তাৎক্ষণিক হাটখোলা বিজিবি ক্যাম্পে খবর দেন।

খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় ওই বৃদ্ধকে আবার ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠান। এরপর বিএসএফ সদস্যরা তাকে সীমান্তের শূন্যরেখার একটি ডোবার মধ্যে বসিয়ে রাখে।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শূন্যরেখার ডোবাটিতে ওই বৃদ্ধ বসে আছেন। ডোবার এপারে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা ও উৎসুক স্থানীয় গ্রামবাসীরা। ওপারে অবস্থান নিয়েছেন বিএসএফ সদস্যরা। 

এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে।

প্রতিনিধি/এএইচ