images

সারাদেশ

কারখানার গেটে ছাঁটাইয়ের শিকার শ্রমিকদের সন্তানদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি

১৪ জুন ২০২৬, ০৬:০৩ পিএম

বকেয়া বেতনসহ অন্যান্য পাওনা পরিশোধ ও কারখানা হস্তান্তর হলে চাকুরির নিরাপত্তার দাবিতে অলিম্পিক সিমেন্ট লিমিটেডের অ্যাংকর সিমেন্টের ছাঁটাইয়ের শিকার শ্রমিকদের সন্তানরা বিক্ষোভ সমাবেশ করেছেন। 

রোববার (১৪ জুন) দুপুরে অলিম্পিক সিমেন্ট লিমিটেডের অ্যাংকর সিমেন্টের কারখানার গেটে এ সমাবেশ হয়। 

গত বুধবার (১০ জুন) কারখানাটি বন্ধ ঘোষণার পর থেকে প্রতিদিন শ্রমিকরা লাগাতার অবস্থান কর্মসূচি করে আসছেন।

সংকটে থাকা শ্রমিকদের সন্তানদের পক্ষে বক্তব্য দেন- স্কুলশিক্ষার্থী মানছুরা, ইয়াছিন, লিমন প্রমুখ। আরও বক্তৃতা দেন- অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম সরদার, সহসভাপতি আবু বক্কর সিদ্দিক লিটন, সাধারণ সম্পাদক পাভেল হাওলাদার, বরিশাল জেলা বাসদের সদস্য গাজী মো. বেল্লাল হোসেন প্রমুখ।

2

শ্রমিকদের সন্তানরা বলেন, বাবা-মায়ের চাকরি চলে যাওয়ার কারণে তাদের পড়ালেখা, বাসার বাজার নিয়ে সংকট তৈরি হয়েছে। তাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। তারা তাদের অভিভাবকদের চাকরির বকেয়া পাওনা টাকা পরিশোধের দাবিতে ও কারখানা হস্তান্তর হলে চাকরির নিরাপত্তার দাবি জানান।

শ্রমিক নেতা সেলিম সরদার বলেন, কারখানার শ্রমিকদের আচমকা কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু চাকরিসহ হস্তান্তর করার বিষয় বা দুই মাসের বকেয়া বেতন, ওভারটাইমসহ অন্যান্য টাকা পরিশোধের বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছুই বলা হচ্ছে না। এতে শ্রমিকরা চাকরি ও পাওনা টাকা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।

ক্রমাগত ব্যবসায়িক লোকসান, কাঁচামাল ও এলসি সংকটের কারণ দেখিয়ে বরিশালের অলিম্পিক সিমেন্ট কারখানার উৎপাদন স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

গত বুধবার (১০ জুন) কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক অনিকা রহমান স্বাক্ষরিত এক নোটিশে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রতিনিধি/এএইচ