জেলা প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ০৫:৩৭ পিএম
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে একটি তুলার জাজিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ টন তুলা পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানা মালিক।
রোববার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কোটচাঁদপুর পৌর শহরের দুধসারা হটাতপাড়া এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।
কারখানার মালিক শাকিল আহমেদ জানান, তিনি ৪ থেকে ৫ জন শ্রমিক নিয়ে কারখানায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ মোটরের পাশ থেকে ধোঁয়া ও আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়।

তিনি আরও জানান, দ্রুত কোটচাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনে কারখানায় মজুদ থাকা প্রায় ৩০ টন তুলা পুড়ে যায়। এতে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
শাকিল আহমেদ বলেন, ব্যাংক ঋণ নিয়ে অনেক কষ্ট করে ব্যবসাটি শুরু করেছিলাম। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন কীভাবে ঘুরে দাঁড়াবো বুঝতে পারছি না।
কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিডার কুতুব উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
প্রতিনিধি/এসএস