images

সারাদেশ

লবণ মাঠে মাটির নিচে মিলল ১০ হ্যান্ড গ্রেনেড, গুলি ও গাঁজা

জেলা প্রতিনিধি

১৪ জুন ২০২৬, ০৫:২৪ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি লবণ মাঠে মাটির নিচে লুকিয়ে রাখা ১০টি হ্যান্ড গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি এবং দুই কেজি গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সীমান্তঘেঁষা এলাকায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এগুলো পাচার বা নাশকতার উদ্দেশে মজুদ করে রেখেছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১৪ জুন) দুপুরে টেকনাফ স্টেশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, কোস্টগার্ড টেকনাফ স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী।

তিনি জানান, শনিবার রাত প্রায় ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় সশস্ত্র গোষ্ঠীর কয়েকজন সদস্য সীমান্ত ব্যবহার করে অস্ত্র ও মাদক মাটির নিচে মজুদ করছে এমন গোপন তথ্য পায় কোস্টগার্ড। খবর পেয়ে কোস্টগার্ডের একটি বিশেষ দল ঘটনাস্থলে অভিযান চালায়।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে লবণ মাঠে ব্যাপক তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ১০টি হ্যান্ড গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি এবং দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কমান্ডার মুত্তাকীন সিদ্দিকী বলেন, উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেডগুলো মিয়ানমার সেনাবাহিনীর ব্যবহৃত গ্রেনেডের সদৃশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্ত ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এগুলো পাচার অথবা নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশে সেখানে মজুদ করে রেখেছিল।

তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্র ও মাদকের চালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কোস্টগার্ডের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

প্রতিনিধি/এসএস