জেলা প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ০৪:৫৩ পিএম
বরগুনার তালতলী থানার ব্যারাকে মো. ফারুক হোসেন (৫২) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
রোববার (১৪ জুন) সকালে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ফারুক হোসেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের রতন আলী গাজীর ছেলে। তিনি তালতলী থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতের দায়িত্ব পালন শেষে রোববার সকাল ৮টার দিকে তিনি পুলিশ ব্যারাকে ফিরে যান। কিছুসময় পর তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে দ্রুত তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ ব্যারাক থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে তিনি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার অনুরোধ জানিয়েছেন এবং পরিবারের সদস্যদের উদ্দেশে কিছু ব্যক্তিগত বার্তা লিখে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. সোহাগ বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় ওই পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আমতলী-তালতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুদ বলেন, রাতের ডিউটি শেষে সকালে ঘটনাটি ঘটে। মৃত্যুর কারণ এবং ঘটনার পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া চিরকুটে পরিবারের সদস্যদের উদ্দেশে কিছু ব্যক্তিগত বক্তব্য পাওয়া গেছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে। এ ঘটনায় থানার সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
প্রতিনিধি/এসএস