images

সারাদেশ

নেত্রকোনায় বজ্রপাতে নিহত ২

জেলা প্রতিনিধি

১৪ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম

নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক মাদরাসা শিক্ষক ও এক সিএনজিচালক নিহত হয়েছেন।

রোববার (১৪ জুন) সকাল ৭টার দিকে উপজেলার আমতলা ইউনিয়নের সাপমারা গ্রাম ও কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলা সদরের আমতলা ইউনিয়নের সাপমারা এলাকার একটি কওমি মহিলা মাদরাসার শিক্ষক জামাল উদ্দিন মুন্সি (৫৭) এবং কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামের সিএনজি চালক সবুজ মিয়া (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের পর জামাল মুন্সি সকাল সাড়ে ৬টার দিকে মাদরাসার পাশের এলাকায় বৃষ্টির মধ্যে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান।

অপরদিকে, সকাল ৭টার দিকে কুতুবপুর গ্রামের সিএনজি চালক সবুজ মিয়া সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল বাকিউল বারী বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের পরিবার সহায়তার আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে।

প্রতিনিধি/এসএস