images

সারাদেশ

মানহানির দুই মামলায় জামিন পেলেন আমির হামজা

জেলা প্রতিনিধি

১৪ জুন ২০২৬, ০৪:২২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাই প্রয়াত আরাফাত রহমান কোকো ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে হওয়া মানহানির মামলা দুটিতে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা।

রোববার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে তিনি আদালতের এজলাসে প্রবেশ করেন। এরপর জামিন আবেদনের ওপর শুনানি হয়। 

এদিন আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবু তালেব। বাদী পক্ষে ছিলেন সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। পরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সুমন কুমার সূত্রধর তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এরপর আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে ব্রিফ করেন আসামী পক্ষের আইনজীবি আবু তালেব। তিনি বলেন, মানহানির দুটি মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।

hamja

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় সংক্ষুব্ধ হয়ে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি ও জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেন। 

সেই মানহানি মামলায় গত ২৭ এপ্রিল আমির হামজাকে আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। এ মামলায় তিনি স্থায়ী জামিন নিতে সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পন করেন। পরে আদালত তার আবেদন শুনে জামিন মঞ্জুর করেন।

এর আগে আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে মানহানির মামলা করা হয়। চলতি বছরের ২০ জানুয়ারি দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান। 

এ মামলায় ১০ হাজার টাকা মুচলেকা দিয়ে আমির হামজা আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে বিচারক সুমন কুমার সুত্রধর শুনানি শেষে তাকে জামিন দেন।

প্রতিনিধি/এএইচ