জেলা প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ০২:৪৮ পিএম
উদ্বোধনের সাড়ে ৩ বছর পর মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু হয়েছে।
রোববার (১৪ জুন) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আইসিইউ সেবা চালুর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন। এ সময় মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, সিভিল সার্জন ডা. শরিফুল আবেদীন কমল, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকারসহ অনেকেই উপস্থিত ছিলেন।
জানা যায়, জেলার সাড়ে ১৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ২৫০ শয্যার হাসপাতাল। সে সময়ে কেনা হয় ৩ কোটি টাকার আইসিইউসহ বিভিন্ন যন্ত্রপাতি। রোগীদের সেবা দেওয়ার লক্ষ্যে ২০২৩ সালের নভেম্বরে উদ্বোধনও করা হয় আইসিইউ ইউনিটটি। তারপর আর সেখানে মেলেনি কোনো সেবা। ফলে মুমূর্ষু রোগীদের আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় রাজধানী ঢাকা মেডিকেলে অথবা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এতে ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। বার বার আইসিইউ ইউনিট চালুর দাবির জানিয়েছে আসছিল জেলাবাসী। একাধিকবার বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রচার হয় সংবাদ। পরে স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের নজরে আসলে এটি উদ্বোধনের সিদ্ধান্ত হয় কর্তৃপক্ষ। আইসিইউ সেবা চালুতে স্বস্থি ফিরেছে রোগী ও স্বজনদের মাঝে।
মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, প্রাথমিক পর্যায়ে হাম রোগে আক্রান্ত শিশুদের জন্য এই আইসিইউ সেবা অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তীতে অন্য রোগীদেরও দেওয়া হবে এই আইসিইউ সেবা। মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল থাকলেও ১০০ শয্যার জনবল দিয়ে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এটিকে পূর্ণাঙ্গভাবে চালুর করার জন্য জাতীয় সংসদেও আলোচনা করা হয়েছে। এটি পরিপূর্ণ চালু হলে সেবার মান বাড়বে এবং জেলাবাসী উপকৃত হবেন।
প্রতিনিধি/টিবি