জেলা প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ১২:৫৭ পিএম
প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৪ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের মাধ্যমে একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে কয়েকশত ফুলগাছের চারা ও নিমগাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজ্ তানজিলা খানম, প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদেরসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সিটি প্রশাসক বলেন, আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে গাজীপুর সিটি করপোরেশনকে ‘ক্লিন ও গ্রিন’ নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা হবে।
প্রতিনিধি/টিবি