images

সারাদেশ

পরিত্যক্ত জমিতে মিলল কসাইয়ের মরদেহ, পারিবারের অভিযোগ হত্যা

জেলা প্রতিনিধি

১৪ জুন ২০২৬, ১২:০৬ পিএম

মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব শিলমান্দি জসীমনগর এলাকায় পরিত্যক্ত জমি থেকে মো. আরিফ বেপারী (৩৫) নামে এক কসাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে, টাকা লেনদেনকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মো. আরিফ বেপারীকে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছে।  

রোববার (১৪ জুন) সকালে জসীমনগর এলাকায় নিহতের বাড়ির পাশের পরিত্যক্ত জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরিফ বেপারী পূর্ব শিলমান্দি জসীমনগর এলাকার বাসিন্দা এবং মতিন বেপারীর ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন। তার ভাই আকাশ বেপারীও একই পেশায় কাজ করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় নুর মোহাম্মদ নামের আরেক কসাইয়ের সঙ্গে টাকা লেনদেন নিয়ে আরিফের ভাই আকাশ বেপারীর দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ ঘটনায় সম্প্রতি থানায় অভিযোগও করা হয়।

নিহতের পরিবারের অভিযোগ, শনিবার সকালে মুন্সিরহাট বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে রোববার ভোরে আকাশকে না পেয়ে প্রতিপক্ষের লোকজন তার ভাই আরিফ বেপারীকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে আজ সকাল ৯টার দিকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন বলেন, ভোরে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখি জসীমনগর গ্রামের বাসিন্দা আরিফ নামের এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন ফরেনসিক আলামত সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। এই হত্যাকাণ্ডে কারা জড়িত, তা উদঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে।

প্রতিনিধি/টিবি