images

সারাদেশ

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত

জেলা প্রতিনিধি

১৩ জুন ২০২৬, ১১:৪১ পিএম

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

 শনিবার (১৩ জুন) রাত ৯ টার দিকে উপজেলার  কানকিরহাট-ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের সেনবাগ উপজেলার কেশারপাড় এলাকার মুন্সি দোকান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের মুসলিম স্বর্ণকার বাড়ির সিএনজি অটোরিকশা চালক মো. আলমের ছেলে আসিফ ও আরিফ। আহত শাওন একই বাড়ির সিএনজি অটোরিকশা চালক মো. শাহজাহানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে তিন আরোহী নিয়ে দ্রুতগতির একটি মোটরসাইকেল কানকিরহাট থেকে ছাতারপাইয়ার দিকে যাচ্ছিল। পথে মুন্সি দোকান এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ছাতারপাইয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে (ক্লিনিকে) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফ ও আরিফকে মৃত ঘোষণা করেন।

এদিকে আহত শাওনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আপন দুই ভাই নিহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

প্রতিনিধি/এজে