জেলা প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ০৭:১৪ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টায় কালীগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় ওসি জেল্লাল হোসেন।
আটক ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ সদরের নলডাঙ্গা এলাকার ননি গোপালের ছেলে বিশ্বজিৎ কর্মকার, নারিকেলবাড়ীয়া এলাকার আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে আব্দুল আল মামুন ও কালীগঞ্জ উপজেলার রাকড়া এলাকার ইব্রাহিম খাঁর ছেলে সোবাহান খাঁ।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, কিছুদিন পূর্বে একটি মোটরসাইকেল চুরি হয়। এরপর চোর চক্র ও মোটরসাইকেল উদ্ধারে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কালীগঞ্জ নিমতলা থেকে ২টা, নারিকেলবাড়ীয়া থেকে ২টা ও গাজীর বাজার থেকে ১টা মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
তিনি বলেন, মোটরসাইকেল চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে