images

সারাদেশ

মাগুরা জেলা জামায়াতের আমিরকে দায়িত্ব থেকে অব্যাহতি

জেলা প্রতিনিধি

১৩ জুন ২০২৬, ০৬:২৩ পিএম

দ্বিতীয়বারের মতো মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকেরকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি হয়েছে। একই সঙ্গে তার রুকনিয়াত (সদস্যপদ) তিন মাসের জন্য মুলতবি করা হয়েছে।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, এমবি বাকেরের স্থলে সহকারী অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চুকে ভারপ্রাপ্ত জেলা আমির এবং সহকারী অধ্যাপক মশিয়ার রহমানকে ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ জুন) সকালে মাগুরা শহরের দোয়ারপাড়ে জেলা জামায়াত কার্যালয়ে যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. আলমগীর বিশ্বাস এবং অঞ্চল টিম সদস্য আব্দুল মতিনের উপস্থিতিতে অনুষ্ঠিত জেলা শুরা ও কর্মপরিষদের সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

সভায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, অধ্যাপক এমবি বাকেরকে জেলা আমিরের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় এবং তার রুকনিয়াত তিন মাসের জন্য মুলতবি করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম সচল রাখতে নতুন ভারপ্রাপ্ত দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

ভারপ্রাপ্ত আমির সাইদ আহমেদ বাচ্চু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমিরের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তবে সাংগঠনিক কারণে বিস্তারিত প্রকাশ করতে পারছি না।

প্রতিনিধি/এসএস