images

সারাদেশ

সরকারি সুবিধা পেতে এখন আর ঘুষ দিতে হয় না: স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি

১৩ জুন ২০২৬, ০৪:৩৩ পিএম

সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে।

শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার চালাচ্ছি। দলমত নির্বিশেষে আমরা সকল মানুষের সেবা করতে চাই। এখন সরকারি সুবিধা পেতে আর কাউকে ঘুষ দিতে হয় না। আমাদের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে।’

আদ-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে টেনে তিনি বলেন, ‘আদ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়েছি। জামায়াতের নেতারা আজ আদ দ্বীনের পক্ষে কথা বলে।’

চিকিৎসা ব্যবস্থা সহজ করার পরিকল্পনার কথা জানিয়ে সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হবে। যেখানে প্রতিটা ঘরে ঘরে আমাদের লোক যাবে। তারা গিয়ে প্রাথমিক সেবা দেওয়ার পর যদি মনে করে হাসপাতালে নিতে হবে, তবেই একজন রোগীকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে। এভাবে দেশব্যাপী সকলের চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে আমাদের।’

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘চীনের সহযোগিতায় আমরা ৩ হাজার বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি। যেখানে শিশু ও নারীদের চিকিৎসা সেবার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।’

বিগত আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল হান্নান প্রমুখ।

এ সময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে অর্থ সহায়তা দেওয়া হয়।

প্রতিনিধি/এমআর