জেলা প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ০৪:৩০ পিএম
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাফসা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফসা খাতুন ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পশ্চিম পাশে আতিয়ার মণ্ডলের পুকুর সংলগ্ন এলাকায় খেলতে যায় হাফসা। এক পর্যায়ে সবার অজান্তে সে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তার বাবা বাজার থেকে বাড়ি ফিরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ওই পুকুরে হাফসার মরদেহ ভাসতে দেখা যায়।

স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/এসএস