জেলা প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ০৩:৩৫ পিএম
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ডিউটিরত চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে চিকিৎসকরা। এ সময় মর্গের সামনে মরদেহ আটক করে বিক্ষোভ করেন চিকিৎসকরা। অন্যদিকে লাশের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে রোগীর স্বজনরা।
শনিবার (১৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সিসিইউতে ভর্তি একজন রোগীর অক্সিজেন মাস্কের প্রয়োজন হলে মাস্ক না পেয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। এতে ক্ষিপ্ত হয়ে রোগীর স্বজনরা ডিউটিরত চিকিৎসককে মারধর করেন। বিষয়টি জানাজানি হলে চিকিৎসকরা জড়ো হয়ে জরুরি সেবা বন্ধ করে দেয় এবং মরদেহ আটকে বিক্ষোভ করেন।
অন্যদিকে রংপুর মেডিকেলের সামনে লাশের দাবিতে মহাসড়ক অবরোধ করে রোগীর স্বজনরা। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হওয়ায় যানজটের সৃষ্টি হয়।
রোগীর স্বজনদের দাবি, চিকিৎসা অবহেলার কারণে তাদের রোগীর মৃত্যু হয়েছে। অবহেলা ঢাকতে মরদেহ আটকে দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা। দ্রুত মরদেহ দেওয়া না হলে মহাসড়ক থেকে না সরার ঘোষণা দেন তারা।
অন্যদিকে চিকিৎসকের দাবি, রোগীর চিকিৎসায় কোনো প্রকার অবহেলা হয়নি। রোগীর স্বজনরা অকারণে দায়িত্বরত চিকিৎসককে মারধর করেছে।
এদিকে উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে পরিচালকের কক্ষে চিকিৎসক ও রোগীর স্বজনদের নিয়ে আলোচনা চলছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, উদ্ভূত পরিস্থিতি নিরসনে আলোচনা চলছে। খুব দ্রুত সমাধান হবে বলে আশা করছেন তিনি।
প্রতিনিধি/এমআর