জেলা প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ০৭:৪২ এএম
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একটি সেফটি ট্যাংকের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ। নিহত ব্যক্তি লুঙ্গি পরিহিত ছিলেন।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় ক্যাম্প-১০ এর জি/১৬ ব্লকের মসজিদুল আবরার সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমদ।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এলাকায় একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। খবর পেয়ে পানবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মসজিদ সংলগ্ন টয়লেটের সেফটি ট্যাংকের ভেতরে বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মরদেহটি সেফটি ট্যাংকি থেকে উদ্ধার করেন।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমদ বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরিচয় শনাক্তকরণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/টিবি